মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল | চ্যানেল আই অনলাইন

মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল | চ্যানেল আই অনলাইন

নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে ২০২৪ সালে একবার ক্রিকেট থেকে একমাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডগ ব্রেসওয়েল। দেড়বছর পর একই অভিযোগে আবারও নিষিদ্ধ হলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার। এবার তাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রেগুলেটর কমিশন।

গতবছর এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলেছেন ব্রেসওয়েল। সমারসেটের বিপক্ষে প্রথমদিনে দুই উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে তাকে নামতে হয়নি। সেই ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল এসেক্স। প্রথমদিনের খেলা শেষে ব্রেসওয়েল স্বীকার করেন কোকেন ব্যবহার করেছিলেন। ২৫ সেপ্টেম্বর তার ফলাফল পজিটিভ আসে।

তবুও দ্বিতীয় দিন মাঠে উপস্থিত ছিলেন সাবেক ডানহাতি পেসার। নভেম্বরে তাকে বিষয়টি জানায় ইংল্যান্ড ক্রিকেট রেগুলেটর। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ৮ ডিসেম্বর উত্তর দেন এবং স্বীকার করেন প্রথমদিনের খেলার সকালে কোকেন নিয়েছিলেন। ২৮ ডিসেম্বর সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্রেসওয়েল। তবুও তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হল।

এর আগে ২০২৪ সালে কোকেন ব্যবহার করেছিলেন। ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ওয়েলিংটনের বিপক্ষে ২১ রানে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১১ বলে ৩০ রান করে সেন্ট্রাল স্ট্যাগসকে ম্যাচ জিতিয়েছিলেন। ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন। সেই ম্যাচের পর পরীক্ষা করানো হলে তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া যায়।

২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন ব্রেসওয়েল। তিন ধরনে ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টুয়েন্টিসহ মোট ৬৯ ম্যাচে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন।

Scroll to Top