মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ | চ্যানেল আই অনলাইন

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ | চ্যানেল আই অনলাইন

ফেডারেশন কাপের ফাইনালে প্রথম থেকেই নাটকীয়তা শুরু হয়েছিল। নির্ধারিত সময় সাড়ে পাঁচটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকরা সেসময় খেলা শুরু করতে পারেননি। কারণ ফাইনালে বসুন্ধরা কিংস নির্ধারিত প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে চায়নি। পরে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কারই নিতে আসেনি দলটি।

ফাইনালে একাই খেলোয়াড় ও দলের সবার ট্রফি আর মেডেল নিয়েছেন কিংসের অন্তর্বর্তীকালীন কোচ বায়েজিদ জুবায়ের নিপু। পরে সংবাদ মাধ্যমে বলেন, মোহামেডানের উপর ক্ষোভ থেকে এবং খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত ইস্যুতে এমন ঘটেছে।

বায়েজিদ বলেন, ‘ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু বাফুফেতে র‌্যাফেল ড্র’য়ের মাধ্যমে নির্ধারিত হয়েছিল। সেখানে সংবাদমাধ্যমের কর্মীদের হাতে ভেন্যুর ড্র’য়ে ভেন্যু নির্ধারিত করেছিল কর্তৃপক্ষ। ফাইনালে আসার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিংস অ্যারেনায় খেলতে চায়নি। এই ক্ষোভ থেকে আমার খেলোয়াড়রা খেলতে চায়নি এবং দেরিতে মাঠে এসেছিল।’

‘তাছাড়া কিংসের খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত একটি ইস্যু ছিল। সে কারণেও খেলোয়াড়দের মধ্যে এক ধরণের অনীহা ছিল। সমস্যার সমাধান এখনও হয়নি। আশা করছি খুব দ্রুতই আমরা এ সমস্যার সমাধান করতে পারব। তবে মোহামেডানের ভেন্যু সংক্রান্ত আপত্তি খেলোয়াড়দের ক্ষোভের প্রধান কারণ ছিল।’

কিংসের কোচ বলেছেন, ‘বর্তমানে আমরা দলে একজন মাত্র বিদেশি খেলাচ্ছি। বাকি সবাই দেশীয় এবং জাতীয় দলের খেলোয়াড়। দেশের খেলোয়াড়দের উপর আমরা জোর দিচ্ছি।’

এ মৌসুমে দুর্দান্ত কেটেছে কিংসের। চ্যালেঞ্জ কাপের পর লিগ কাপ এবং সবশেষ ফেডারেশন কাপের শিরোপা নিয়ে ট্রেবল জিতেছে ক্লাবটি। গত মৌসুমেও ফেডারেশন কাপজয়ী ছিল কিংস।

Scroll to Top