নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত তিন উপাচার্য চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান। তিনি অধ্যাপক খন্দোকার আশরাফুল মুনিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক। তিনি অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এদিকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান। তিনি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন এবং প্রযোজ্য শর্ত অনুযায়ী তাদের নিয়োগ কার্যকর হবে। নতুন তিন উপাচার্য চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।


