বেগুনবাড়ী খালে সোয়া ১৩ কোটি টাকার পদচারী–সেতু, উদ্বোধন আজ

বেগুনবাড়ী খালের ওপর পদচারী–সেতুটির পাশাপাশি আরও দুটি সেতু নির্মাণ করছে ডিএনসিসি। এর একটি পদচারী–সেতুটির পশ্চিমে আইডিয়াল স্কুলের পাশে, প্রায় ৮০০ মিটার দূরে। অন্যটি পূর্ব দিকে মেরাদিয়া বাজারের কাছে, প্রায় ৬০০ মিটার দূরে।

ডিএনসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, আইডিয়াল স্কুলের পাশে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৩৮ মিটার এবং প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। মেরাদিয়া বাজারের কাছে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৪৯ মিটার আর প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। দুটি সেতুই মূলত যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি পথচারীদের চলাচলের ব্যবস্থাও থাকবে।

বেগুনবাড়ী খালের ওপর তিনটি সেতু নির্মাণে ডিএনসিসির মোট ব্যয় হচ্ছে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা। তিনটি সেতুই স্টিলের কাঠামো দিয়ে নির্মাণ করা হচ্ছে। কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।

বর্তমানে আইডিয়াল স্কুলের পাশের সেতুটির নির্মাণকাজ ৩৫ শতাংশ এবং মেরাদিয়া বাজারের পাশের সেতুটির কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, পদচারী–সেতুটির নির্মাণকাজ গত মাসেই শেষ হয়েছে। তবে প্রশাসক দেশের বাইরে থাকায় তখন উদ্বোধন করা হয়নি। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। আজ বিকেলে সেতুটি উদ্বোধন করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

Scroll to Top