বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ঢাকা | চ্যানেল আই অনলাইন

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ঢাকা | চ্যানেল আই অনলাইন

ঢাকায় বায়ুদূষণের পরিস্থিতি আরও একবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় রাজধানী আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিপাতেও বায়ুর মানে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ রোববার (৩ মে) ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একিউআই (বায়ুর গুণমান সূচক) স্কোর ছিল ১৫৪, যা শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে নিয়ে গেছে।

একই সময়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৪৯। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি দুটিরই স্কোর ১৩৭। পঞ্চম অবস্থানে ছিল চীনের সাংহাই (স্কোর ১২২)।

তালিকার শীর্ষ দশ শহরের বায়ুর মান সূচক ৮৯ থেকে ১৫৪-এর মধ্যে ওঠানামা করছে।

আন্তর্জাতিক মান অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ হলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

Scroll to Top