শপথ গ্রহণের পরই প্রথম প্রশাসনিক নির্দেশে বড় ধরনের নীতি ঘোষণা করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রোববার (১০ মে) শপথ নেওয়ার পরই তিনি বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম আদেশে বিজয় ঘোষণা করেন, রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। একই সঙ্গে মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য ও পানিসহ মৌলিক খাতগুলোর ওপর তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। কৃষক ও জেলেদের কল্যাণেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। তার ভাষায়, সবাই ভালো থাকবে।
শপথ অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছে। আমি রাজপরিবার থেকে আসিনি। দারিদ্র্য ও কষ্ট দেখেছি। অনেক অপমান সহ্য করেছি।
তিনি আরও বলেন, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই। আপনারা আমাকে হৃদয়ে স্থান দিয়েছেন। বিজয় দাবি করেন, পূর্ববর্তী প্রশাসনের কারণে রাজ্যের কোষাগারে ব্যাপক চাপ তৈরি হয়েছে। তার মতে, প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণ নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা জনগণের এক পয়সাও অপব্যবহার হতে দেব না এবং রাজ্যকে লুটপাট করতে দেব না। তিনি সত্যিকারের, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরুর ঘোষণা দেন। এই সময়ে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীন চক্রবর্তী, বাম নেতা মা বেবি এবং অন্যান্য জোটসঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নির্বাচনে ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন, তবে একক বৃহত্তম দল হলেও বিজয়ের দল তা অর্জন করতে পারেনি। পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএলসহ একাধিক দল সমর্থন দিলে টিভিকে নেতৃত্বাধীন জোট ১২০ আসনের সমর্থন নিশ্চিত করে।
তবে বিজয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিধানসভায় আস্থাভোট। আগামী ১৩ মে’র মধ্যে তার সরকারকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।





