বিএসটিআইয়ের পরীক্ষায় অকৃতকার্য বম্বে সুইটস ও বাঘাবাড়িসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ – DesheBideshe



ঢাকা, ২৬ আগস্ট – বাংলাদেশ মান বা বিডিএস অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের বিভিন্ন পদের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ মোট ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই। একই সঙ্গে এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না সেই মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

সম্প্রতি বিএসটিআইয়ের নিয়মিত নজরদারি কার্যক্রমের আওতায় সংগৃহীত বিভিন্ন পণ্য নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের হাঁসের মাংসের মসলা ব্যাচ নম্বর ১৪১২২৪ তেহারি মসলা ব্যাচ নম্বর ১৪০২২৬ কালা ভুনা মসলা ব্যাচ নম্বর ২৬০৯২৭ গরুর মাংসের মসলা এবং মাছের মসলায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি লবণ ও এ্যাস পাওয়া গেছে।

এছাড়া বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ঘিয়ে দুধের চর্বির পরিবর্তে পাম অলিন ও বনস্পতির উপস্থিতি শনাক্ত হয়েছে যা ভোক্তাদের জন্য প্রতারণামূলক। কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের অরুন বাঘাবাড়ী ঘি মামুন ফুড প্রোডাক্টসের নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ফুড প্রোডাক্টসের বাটার অয়েলেও নানা ধরনের বিচ্যুতি ধরা পড়েছে। এসব ঘি ও বাটার অয়েলে আয়োডিন ভ্যালু স্যাপোনিফিকেশন ভ্যালু এবং রিফ্র্যাক্টিভ ইনডেক্স নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন যে পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নকল ও ভেজাল রুখতে নজরদারি অব্যাহত রয়েছে এবং ক্রেতাদের পণ্য কেনার আগে মানচিহ্ন ও মেয়াদ যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো অভিযোগ থাকলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এনএন/ ২৬ আগস্ট ২০২৬



Scroll to Top