নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে | চ্যানেল আই অনলাইন

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যুর খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একইসঙ্গে ৩৮৪ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

বন্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের মধ্যে ১০৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে তিব্বতের দিক থেকে আসা পানির ঢলে ভুটে কোশি নদীর পানি হঠাৎ বেড়ে যায়। এতে নেপালের রাসুয়া জেলার তিমুরে এবং পাশের সিয়াফ্রুবেশি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

নেপাল আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, আকস্মিক পানির স্রোতে বহু যানবাহন, পণ্য ও অন্যান্য সম্পদ ভেসে গেছে। বন্যার পানিতে কয়েকটি গ্রাম এবং বিভিন্ন প্রকল্পের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপাল আর্মি ১৪টি হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলায় বিশেষ দল মোতায়েন করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে রাসুয়া ও আশপাশের এলাকায় নেপাল আর্মি, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Scroll to Top