বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা | চ্যানেল আই অনলাইন

প্রথম টি-টুয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। চট্টগ্রামে ৬ উইকেটের সেই জয়ের পর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। তবে বৃষ্টির কারণে ম্যাচ তো দূরের কথা, টসও করা সম্ভব হয়নি। কোন বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হবে মাঠের লড়াই, টস হবে দেড়টায়।

এই ম্যাচে হারলে বাংলাদেশকে সিরিজ ট্রফি ভাগাভাগি করতে হবে সফরকারীদের সঙ্গে। আর জিততে পারলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে লিটন কুমার দাসের দল। সেই লক্ষ্যেই শুক্রবার অনুশীলনে নেমেছিল লিটন বাহিনী। মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টির বাধা ছাড়াই চনমনে ভঙ্গিতে প্রস্তুতি সারেন মেহেদী হাসান মিরাজ ও তার সতীর্থরা।

শেষ ম্যাচের জন্য আগের দুটি ম্যাচের স্কোয়াডই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে আবহাওয়ার পূর্বাভাস স্বস্তির নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৬ শতাংশ, আর বজ্রঝড়ের আশঙ্কা ৫৮ শতাংশ। সকাল ও বিকেলে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৮৯ ও ৬০ শতাংশ। বিকেলে বৃষ্টি কিছুটা কমলেও সকালের বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী থাকবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

Scroll to Top