বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন এমপিপুত্র সজীব

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।

এমপিপুত্র সজীব

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। কেন্দ্রীয় যুবদলের যৌথ সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে, ২১ জুন সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে যুবদল। তখন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে ‘নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের’ কথা বলা হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের কথাও উল্লেখ করা হয়।

Scroll to Top