বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ৯ জুলাই সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

বৈকুণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য শিপন আলী শেখ জানান, বৃষ্টির সময় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সে শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

Scroll to Top