চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পাহাড়ধসে দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা-মছইন্যাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ জুলাই) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মৃত মো. কাজলের মেয়ে রুমি (১৪) এবং আবদুল মজিদের ছেলে মো. তৌওছিফ (১২)। আহত লায়লা বেগম (৫৫) রুমির মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর লায়লা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও রুমি ও তৌওছিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সমাজনেতা আল ইব্রাহীম বলেন, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও সেখানে বসবাসকারী পরিবারগুলোর অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। ফলে তারা ঝুঁকি নিয়েই বসবাস করছিলেন। ঘটনার পর ইউএনও শাহীন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, টানা বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Scroll to Top