বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন আমির খান। অবশেষে তিনি নিশ্চিত করেছেন, নির্মাণাধীন রয়েছে ‘থ্রি ইডিয়টস ২’! যেখানে তাকে আবারও দেখা যাবে আইকনিক চরিত্র ফুংসুক ওয়াংডু হিসেবে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, পরিচালক রাজকুমার হিরানি ও চিত্রনাট্যকার অভিজাত জোশী ইতোমধ্যেই গল্পের একটি শক্ত ভিত্তি দাঁড় করিয়েছেন, যা তার বেশ পছন্দ হয়েছে। যদিও চিত্রনাট্যে এখনও কিছু কাজ বাকি, তবুও গল্পটিকে তিনি ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন।
আমির খানের কথায়, নতুন সিনেমাটি আগের গল্পের ধারাবাহিকতায় এগোবে, তবে সময়ের ব্যবধানে প্রায় ১০ বছর পরের প্রেক্ষাপটে নির্মিত হবে। তিনি বলেন, আগের মতোই এতে থাকবে হাস্যরস, তবে গল্পে থাকবে নতুনত্ব ও ভিন্নধর্মী উপস্থাপনা।
ধারণা করা হচ্ছে, সিক্যুয়েলে আগের তারকাদেরও দেখা যেতে পারে। অর্থাৎ আর মাধবন, শারমান জোশী এবং কারিনা কাপুররাও ফিরে আসতে পারেন তাদের পুরনো চরিত্রে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছিল ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক! চেতন ভগত এর উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে এবং সে সময়ের সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়।
প্রযোজক বিধু বিনোদ চোপড়ার এই সিনেমাটি বলিউডে ২০০ কোটির ক্লাব চালুর পথও তৈরি করে!
বর্তমানে আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’ই তার পরবর্তী কাজ হতে যাচ্ছে। যদিও শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানা যায়নি। তবে ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর, দেড় দশক পর আবার ফিরছে সেই প্রিয় ‘ইডিয়টস’-এর গল্প। ডিএনএইন্ডিয়া




