কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩-এ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই ক্যাম্পের জি/০৪ ব্লকের মো. আব্দুল্লাহর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ রোহিঙ্গারা ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএমের গাড়িতে ভাঙচুর চালায়। এতে পুরো ক্যাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক সৃষ্টি হয়।
উখিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, ক্যাম্পের অভ্যন্তরে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



