ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স দেশের বর্তমান পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করে সরকারকে সংস্কার সংক্রান্ত সুপারিশ দেবে।
এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে। যারা প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে কারাগারে রয়েছে। এই ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি সংসদে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের পরীক্ষা ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই নন্দন নিলেকানির নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সটি পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে জমা দেবে। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতের পরীক্ষাগুলো আরও বিশ্বাসযোগ্য, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে পরিচালনা করা যায়।
এই ঘোষণা এসেছে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর। ওই ইস্যুতে বিক্ষোভের একপর্যায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।



