কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া এবং আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতেই ইরানের ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।
রোববার (২৬ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, সংলাপের পথ খোলা রাখতে এবং কূটনৈতিক উদ্যোগকে সময় দিতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনার প্রকৃতি বা বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
যদিও হামলা সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবুও কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং পরবর্তী পরিস্থিতির ওপরই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াল্টজের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতার ফলে গত সপ্তাহের শেষ দিকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা কমেছে।
এদিকে, টানা ১৩ দিন ধরে চলা ব্যাপক বিমান হামলার পর পেন্টাগন আপাতত বোমাবর্ষণ অভিযান স্থগিত রেখেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিবেশী দেশগুলোতেও সপ্তাহান্তে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি, যা পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।



