
লালমনিরহাট, ১৫ জুন – লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধভাবে পুশ ইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। রবিবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
এ সময় পুশ ইন করতে ব্যর্থ হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ককটেল বিস্ফোরণ ঘটালে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তে বিজিবির টহল ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়,
শ্রীরামপুর বিওপির মেইন পিলার ৮৫৪ এর ১০ এস উপ পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের সদস্যরা অবস্থান করছিল। রাত সাড়ে ১১টার দিকে বিএসএফের একটি টহল দল পাঁচজন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়।
অনুপ্রবেশ নির্বিঘ্ন করতে তারা সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে অন্ধকার তৈরি করে। বিষয়টি নজরে আসার সাথে সাথে বিজিবি ও গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। বাধার মুখে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়।
এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভারতের ভেতরে পিছু হটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটলিয়নের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশ ইন সম্ভব হয়নি। যেকোনো অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কড়া নজরদারি রাখছে।
এস এম/ ১৫ জুন ২০২৬






