
পটুয়াখালী, ১৫ জুন – বিশ্বকাপ ফুটবলের আসরকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর সেতুটি এখন ফুটবল উৎসবের মিলনমেলায় পরিণত হয়েছে। সেতুর দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা।
বৈচিত্র্যময় এই সাজসজ্জা পথচারী ও পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যে উন্মাদনা চলছে, তার ঢেউ লেগেছে সাগরপাড়ের কলাপাড়ায়। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে স্থানীয় সমর্থকরা বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পতাকা টানিয়েছেন।
তবে সোনাতলা নদীর ওপর নির্মিত হাজীপুর সেতুটি বিশেষভাবে নজর কাড়ছে। প্রতিদিন বিকেলে সেতুটিতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। আড্ডা আর গল্পের পাশাপাশি অনেক পর্যটক ও স্থানীয়রা এসব দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
পর্যটক ফারুক আহমেদ জানান, সারিবদ্ধভাবে টানানো বিভিন্ন দেশের পতাকায় সেতুটি অত্যন্ত দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এই দীর্ঘ সেতুর দুই পাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই বেশি চোখে পড়ে। এটি এখন কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং ফুটবল প্রেমের এক প্রতীকে পরিণত হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল বলেন, প্রতি বিশ্বকাপেই সমর্থকরা উৎসবের আয়োজন করেন। সেতুর ওপর এই সাজসজ্জা ফুটবলপ্রেমীদের মাঝে ভিন্নধর্মী এক আনন্দের সঞ্চার করেছে।
এস এম/ ১৫ জুন ২০২৬






