
নেত্রকোনা, ২৪ এপ্রিল – নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এই পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া বন্ধ থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে সংসদ সদস্য সেখানে ব্যক্তিগত গাড়ি নিয়ে যান। পাম্প মালিকের সঙ্গে কথা বলে তিনি নামাজের জন্য একটি কক্ষে প্রবেশ করেন। এই সময় প্রায় ১৫টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে জ্বালানি তেল দাবি করে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা সংসদ সদস্যের গাড়িটি ভাঙচুর করেন এবং তিনি কক্ষ থেকে বের হলে তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখা হয়।
পাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে পূর্বধলা থানা পুলিশের একটি বড় দল এসে সংসদ সদস্যকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো একটি গাড়িতে করে নিয়ে যায়।
নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, সংসদ সদস্যকে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সংসদ সদস্য মাছুম মোস্তফা অভিযোগ করেছেন যে, হামলাকারীরা স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
তবে পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের তালুকদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনার সাথে তার দলের কোনো নেতাকর্মী জড়িত নন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাছুম মোস্তফা এই আসন থেকে নির্বাচিত হন।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬






