এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চোটে টানা একবছর ফুটবলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। চলতি মাসের শুরুর দিকে আল হিলাল জার্সিতে ফিরে দুম্যাচ পরই চোটে পড়ে ৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ৩২ বর্ষী ব্রাজিলিয়ান তারকা। এসবের মাঝে আলোচনায় আসে সৌদি ছেড়ে স্বদেশি ক্লাবে ফিরছেন তিনি। সেই আলোচনাকে গুজব বলে উড়িয়ে দিলেন নেইমারের এজেন্ট।
একের পর এক চোটের হানা, ঠিকমতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন না নেইমার। এমন বাস্তবতায় আগামী জুনে চুক্তি শেষে তাকে ছেড়ে দেবে সৌদি ক্লাব আল হিলাল, খবর চাউড় এমনই। শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেয়ার কথা জানা যায়। আবার সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের সভাপতি জানিয়েছেন আনফিট নেইমারকে তারা চান না।
এতো আলোচনার মাঝে নেইমারের এজেন্ট পিনি জাহাভি বললেন সবকিছুই গুজব, ‘নেইমারের আল হিলাল ছাড়ার ব্যাপারে কোনো আলোচনা চলছে না। তিনি চুক্তির অধীনে আছেন এবং এখানে খুব ভালো আছেন।’
‘নেইমারের বাবা এবং আমি, আমরাই একমাত্র মানুষ যারা নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি। জানি না এসব গুজব কোথা থেকে আসছে।’

