কানাডার অন্টারিওর নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে আরও সাতটি বেলুগা তিমিকে যুক্তরাষ্ট্রের নতুন আবাসে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির তিমি স্থানান্তর পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলো।
গত সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে মেরিনল্যান্ড জানায়, কয়েক সপ্তাহ আগে সফলভাবে ছয়টি বেলুগা তিমিকে শিকাগোর শেড অ্যাকোয়ারিয়াম এবং টেক্সাসের সান অ্যান্টোনিওর সিওয়ার্ল্ড-এ পাঠানোর পর এবার আরও সাতটি তিমিকে স্থানান্তর করা হচ্ছে।

সোমবার পাঠানো সাতটি স্ত্রী বেলুগার নাম হলো জেনা, জেমিনি, স্কাইলা, মিকা, ইভ, নেভা এবং ক্যালিপসো। তাদের সবাইকে সিওয়ার্ল্ড সান অ্যান্টোনিও-তে নেওয়া হচ্ছে।
মেরিনল্যান্ড জানিয়েছে, পুরো যাত্রাপথে তিমিগুলোর স্বাস্থ্য, নিরাপত্তা এবং সার্বিক সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির এক উপদেষ্টা বলেন, এই স্থানান্তর কার্যক্রমটি অত্যন্ত জটিল এবং নজিরবিহীন। বিশেষভাবে তৈরি স্লিং, কয়েক ডজন বিশেষজ্ঞের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে।



