জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগষ্ট) সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় গোপালগঞ্জে ৫ প্লাটন বিজিবি ও অতিরিক্ত পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪) আগষ্ট রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
গোপালগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের একটি দায়িত্বশীল সুত্র জানান, ৫ আগষ্ট গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পাশাপাশি ৮ প্লাটুন এপিবিএন, ৫ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আরআরএফ দায়িত্ব পালন করছে। সার্বক্ষণিক টহল ও নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শহরের লঞ্চঘাট, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ও প্রেসক্লাবের সামনের সড়কছাড়াও পোস্ট অফিস মোড়, এলজিইডি মোড় ও এসএম মডেল স্কুল মোড়. চাপাইল সেতুর গোড়ায়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড় ও পুলিশ লাইন মোড়ে অতিরিক্ত পুলিশ-আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ছাড়াও প্রয়োজনে তল্লাশি করা হচ্ছে।
গোপালগঞ্জ একটি বিশেষ জেলা এমন কথা উল্লেখ করে পুলিশ সুপার মো, হাবিবুল্লাহ আরো জানান,গোপালগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। সে কারণে আগে থেকেই পুলিশ সতর্ক আছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার জন্মস্থান গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি। সেনাবাহিনীর গাড়ী ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে।



