নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে দেয়াল ধসে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায়।

মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পৌর শহরের কলেজ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুবাশ্বিরা স্থানীয় আসবাবপত্র ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নববর্ষের দুপুরে বাড়ির গেটের সামনে খেলছিল শিশুটি। তাদের বাড়ির পাশেই প্রতিবেশী দেলোয়ার হোসেনের একটি পুরনো ও নড়বড়ে সীমানা দেয়াল ছিল। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই দেয়ালটি ভেঙে মুবাশ্বিরার ওপর ধসে পড়ে। এতে ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নববর্ষের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে একটি জীর্ণ ও অবহেলিত দেয়ালের কারণে নিরপরাধ শিশুর প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।

Scroll to Top