
ঠাকুরগাঁও, ২৪ এপ্রিল – বাংলাদেশে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ থাকা সত্ত্বেও একটি মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কিছু মানুষ তেল নিয়ে অনৈতিক ব্যবসা শুরু করেছে যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউ টিন ও নগদ পাঁচ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রভাব সারাবিশ্বের মতো বাংলাদেশেও পড়েছে। তবে বর্তমানে পাম্পগুলোর সামনে তেলের যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসককে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে যাতে কেউ দুর্নীতি করে ফায়দা নিতে না পারে।
দেশের উন্নয়নে বিএনপি সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কৃষকদের কল্যাণে খাল খনন ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬






