ট্রেনে ফিরতি যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে | চ্যানেল আই অনলাইন

ট্রেনে ফিরতি যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে | চ্যানেল আই অনলাইন

ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার ২১ মে বিক্রি করা হবে আগামী ৩১ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুনের ট্রেনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থায় কেনা এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

Scroll to Top