আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক। আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।
৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সর্বশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট আছে ৭৯টি, অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’


