জিন্নাহর নাতি নুসলি ওয়াদিয়ার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের | চ্যানেল আই অনলাইন

জিন্নাহর নাতি নুসলি ওয়াদিয়ার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নাতি ও ভারতের ব্যবসায়িক জগতের প্রভাবশালী ব্যক্তি নুসলি নেভিল ওয়াদিয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জাল দলিল ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

আজ (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, মুম্বাইয়ের বোরিভালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বাঙ্গুর নগর পুলিশ ৮১ বছর বয়সী নুসলি ওয়াদিয়া, তার স্ত্রী মওরিন ওয়াদিয়া, পুত্র নেস ওয়াদিয়া, জেহাঙ্গীর ওয়াদিয়াসহ আরও তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করে।

মামলার সূত্রপাত একটি ৩০ বছর পুরোনো উন্নয়ন চুক্তি থেকে, যেখানে ওয়াদিয়া পরিবার মালাড এলাকায় তাদের মালিকানাধীন জমি ফারানি হোটেলস প্রাইভেট লিমিটেডকে উন্নয়নের জন্য দেয় এবং চুক্তি অনুযায়ী মোট বিক্রির ১২ শতাংশ ওয়াদিয়াদের পাওয়ার কথা ছিল। তবে ২০০৮ সালে বিক্রির হিসাব ও জমির ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং তা আদালতে গড়ায়। মামলায় বিভিন্ন সময় অসদুদ্দেশ্য, ক্ষমতার অপব্যবহার এবং বাণিজ্যিক বিরোধের অভিযোগ উঠেছে এবং এটি বোম্বে হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে।

ফারানি হোটেলসের প্রধান নির্বাহী মহেন্দ্র চান্দে পুলিশের কাছে অভিযোগ করেন, ওয়াদিয়া পরিবার ২০১০ সালে একটি বাণিজ্যিক মামলায় বোম্বে হাইকোর্টে জাল ও মনগড়া দলিল জমা দিয়েছে। তিনি চলতি বছরের ১৫ মার্চ বাঙ্গুর নগর থানায় এবং ২৪ মার্চ মুম্বাই পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করলেও শুরুতে এফআইআর দায়ের করা হয়নি। পরে ২০ সেপ্টেম্বর আদালতের নির্দেশে পুলিশ এফআইআর রেকর্ড করে।

বাঙ্গুর নগর থানার এক কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ যাচাই করছি এবং বিপুল পরিমাণ নথিপত্র বিশ্লেষণ করার পরই এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারব।

Scroll to Top