এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীবাসীকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের আয়োজন থেকে শুরু করে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে সংস্থাটি।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবা রাখা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএসসিসি জানায়, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে কলাবাগান এসটিএস থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন শুরু হবে। প্রথম দিনের বর্জ্য রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে, অর্থাৎ ৮ ঘণ্টার মধ্যেই অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বছর তিন দিনে দক্ষিণ ঢাকায় প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কাজ সম্পাদনে ১৩ হাজার ৪৫৩ জন জনবল এবং ২ হাজার ১১৭টি যানবাহন ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে। পাশাপাশি ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হবে।

ডিএসসিসি আরও জানায়, কোরবানির হাট ও বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে তদারকি টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া, পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রাখার এবং কোরবানির স্থান পানি ও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ড্রেন বা নর্দমায় কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখেন ডিএসসিসি প্রশাসক। এ সময় যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।




