
ঢাকা, ২ জুন – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার পৃথক অভিনন্দন বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেন, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন। অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বার্তায় খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার কূটনৈতিক অভিজ্ঞতা ও বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারা একসঙ্গে কাজ করতে উন্মুখ।
সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে খলিলুর রহমান এই গৌরবময় পদে আসীন হন। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯১টি ভোট।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই অধিবেশনে এক বছর সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এনএন/ ২ জুন ২০২৬






