
ঢাকা, ৯ জুন – চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর বিশেষ আমন্ত্রণে চার দিনের এক সরকারি সফরে চীন যাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধিদল।
এই সফরে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
আগামী বুধবার ১০ জুন চীনের কুনমিং শহরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
সফরসূচি অনুযায়ী ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সপ্তম চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং এর সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া প্রতিনিধিদলটি দশম চায়না সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং সেখানে বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।
সফরের শেষ পর্যায়ে ১২ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
এনএন/ ৯ জুন ২০২৬






