হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস | চ্যানেল আই অনলাইন

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ৩৫ বর্ষী তারকা রোববার শেষ বিকেলে ম্যাচ চলাকালীন সময়েই খবরটি প্রকাশ্যে এনেছেন।

চতুর্থ দিনের খেলার আগে ইংল্যান্ড দলের উদ্দেশ্যে দেয়া বার্তায় স্টোকস বলেন, ‘অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় হিসেবে এটিই আমার শেষ দুই দিন।’

‘এ ঘোষণার কারণগুলো না হয় পরে জানা যাবে। তবে এই দলের জন্য, তোমাদের জন্য এবং অতীতে যারা ছিলেন তাদের সবার জন্য আমি আগেও বহুবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি এবং আরও একবার আমাকে তা করতে হবে।’

ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারক ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশন। তখন বোলিং করছিলেন স্টোকস, তখনই ঘোষণাটি সামনে আসে। ঘোষণার ঠিক পরপরই স্টোকস তার প্রথম বলে উইকেট তুলে নেন।

ডারহামের অলরাউন্ডারের ২০১১ সালে সাদা বলের ক্রিকেটে অভিষেক। এরপর ২০১৩/১৪ অ্যাশেজ মৌসুমে অস্ট্রেলিয়াতে টেস্ট দলের সাথে লাল বলে অভিষেক হয়। এরপর থেকে টানা খেলে চলা স্টোকস ২০২২ সালের এপ্রিল থেকে ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন।

সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১২২ টেস্ট খেলেছেন স্টোকস, যার মধ্যে ৪৪টিতে অধিনায়ক ছিলেন। ব্যাট হাতে ৭ হাজার ২৪৩ রান করেছেন, বল হাতে নিয়েছেন ২৭১ উইকেট। ইংল্যান্ডের হয়ে ১১৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টুয়েন্টি খেলেছেন স্টোকস।

Scroll to Top