রাজধানীর ফার্মগেটে ২০২২ সালে বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুলকে চাকরি ফেরত দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কনস্টেবল নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন।
২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া ‘টিপকাণ্ড’ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন কনস্টেবল নাজমুল তারেক। অভিযোগ ওঠে, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের পায়ে বাইক লাগলে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই ‘টিপকাণ্ড’ নামে পরিচিত বিতর্কের সূচনা হয়।
লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন, তিনি কলেজের পাশে হয়রানির শিকার হন। পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ পরছোস কেন’ বলে তাকে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর বিভাগীয় প্রক্রিয়া শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
তবে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই নাজমুল তারেক দাবি করে আসছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার ভাষ্য ছিল, টিপ নিয়ে তিনি কোনো কটূক্তি করেননি। মামলাটি পুরো বানোয়াট; যার কোনো প্রমাণ নেই। এ ছাড়া ঘটনাস্থলের পাশে থাকা মাস্কের দোকানদার পুরো ঘটনাটি দেখেছিল। তিনিও বলেছেন, আমি টিপ নিয়ে কিছু বলিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরবর্তীতে চাকরি ফিরে পেতে ২০২২ সালের নভেম্বরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলার রায়ে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।



