দেশে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) জুলাই মাসের নতুন মূল্য আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এর ফলে চলতি মাসে এলপিজির দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর ঘোষিত আন্তর্জাতিক মূল্যসূচকের ভিত্তিতে জুলাই মাসের জন্য বেসরকারি খাতের এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই দিন বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত প্রকৌশলী প্রতিষ্ঠান, বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।
নতুন মূল্য নির্ধারণ-সংক্রান্ত আদেশ কমিশনের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২ জুন সর্বশেষ এলপিজির মূল্য সমন্বয় করা হয়। তখন ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে মোটরযানে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও কমানো হয়। সে সময় প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এখন নতুন ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন ভোক্তারা। আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতির ওপর নির্ভর করেই জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম কার্যকর হবে।



