তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে আমরা জানতে পারি, ওই ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। আজ তাদের সিলেট এলাকায় শনাক্ত করা হয়। পরে বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।’
গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।



