
নীলফামারী, ২০ জুন – ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন সংবাদমাধ্যমকে জানান যে বৃষ্টিপাতের কারণে এই চার জেলায় নদ-নদীর পানি বেড়েছে।
এতে কমপক্ষে তিন দিন মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে যে শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় এসব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমানে দেশের প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিন তা বাড়তে পারে।
অন্যদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন বাড়তে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও কংসসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়লে নেত্রকোনা ও শেরপুর জেলায় সতর্কবার্তা কার্যকর থাকবে।
এস এম/ ২০ জুন ২০২৬






