রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায় | চ্যানেল আই অনলাইন

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায় | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ইউরোপিয়ান দেশ স্কটল্যান্ড। ম্যাচের জন্য প্রস্তুত দলটি, জানিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ফরোয়ার্ড রাফিনহাকে পাবেন না তিনি।

ম্যাচ ড্র হলে নিশ্চিতভাবেই কোন বড় আসরে গ্রুপপর্ব পেরিয়ে স্কটল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে। অন্য গ্রুপগুলোর ফলাফলের উপর নির্ভর করে ব্রাজিলের বিপক্ষে হারলেও পরের রাউন্ডে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকবে দলটির। ব্রাজিল তো এক ড্রয়ের পর এক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথেই আছে।

ম্যাচের আগে আনচেলত্তি বলেছেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ কঠিন হবে। তারা বেশ ভালো মানের দল, তারা লড়াকু এবং সুসংগঠিত।’

‘তাদের দলে স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিনের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। বিশ্বকাপে সহজ ম্যাচের দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা একটি কঠিন ম্যাচের জন্য প্রস্তুত।’

স্কটল্যান্ড ১৯৭৪, ১৯৮২, ১৯৯০ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল। লাতিন আমেরিকান দলটিকে হারাতে ব্যর্থ হয়েছিল তারা। বুধবার রাতে ফ্লোরিডায় ‘টার্টান আর্মি’র জোরাল সমর্থন স্কটল্যান্ডের পাশে থাকবে।

চোটে খেলতে পারবেন না ব্রাজিলের বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। তার জায়গায় কে মূল একাদশে খেলবেন আনচেলত্তি প্রকাশ করেননি।

Scroll to Top