গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি তেল উৎপাদনকারী কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত অটো গ্রীন অয়েল কোম্পানি নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটিতে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লার বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশনের ডিউটি অফিসার সবুজ মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কলেজ গেট এলাকায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, একই স্থানে ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে পরিচালিত একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয় বলে তারা দাবি করেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



