ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ২০ জন পর্বতারোহীর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই আকাশে ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় শক্তিশালী গর্জনও শোনা যায় বলে স্থানীয়রা জানান। উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে।
তিনি আরও জানান, নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন।
উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।
বিজ্ঞানীরা আগেই আগ্নেয়গিরির অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করে গত ১৭ এপ্রিল থেকে এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির সক্রিয় কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত চার কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে।
সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানায়, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এতে তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাইয়ের বৃষ্টির বিষয়ে সতর্ক করা হয়েছে।
এছাড়া আগ্নেয়গিরি থেকে পাথর ছিটকে পড়া ও লাভা প্রবাহের ঝুঁকির কথাও জানানো হয়েছে।
মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। মার্চ মাস থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত ঘটেছে।



