আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইসিসির শাস্তি পেয়েছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতান। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিদ্রুপ অঙ্গভঙ্গি এবং মেজাজ হারানোর দায়ে শাস্তি পেয়েছেন দুজনে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। গত বুধবার গড়ানো ম্যাচটিতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন দুজনে। তাতে দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উভয়েই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ মাসে (২ বছর) তাদের প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
নাহিদা শাস্তি পেয়েছেন ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখানোয়। যা আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের কথা বলা হয়েছে। যেখানে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে- কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না।
এ ছাড়া শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন বাংলাদেশের লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লিুউ আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করায়। আপত্তি জানিয়ে ব্যাট উঁচু করে দেখানোর পর মাঠ ছাড়তেও দেরি করেন এই ব্যাটার। তার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা কিনা সম্পর্কিত আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। যার পরিপ্রেক্ষিতে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস। শাস্তি মেনে নেওয়ায় নাহিদা-শারমিনকে কোনো আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি।



