৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি | চ্যানেল আই অনলাইন

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা জীবন নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ বিভাগের ছাত্র নাজমুল হাসান (১৪) নিখোঁজ হওয়ার সাত দিন পরও তার সন্ধান মেলেনি। একমাত্র ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বাবা-মা এখন পাগলপ্রায়।

নিখোঁজের ঘটনায় উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে নিখোঁজ ছাত্র নাজমুল হাসানের বাবা গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের বাসিন্দা রিপন হাওলাদার জানান, গত ১৫ আগস্ট সকাল ১০টার দিকে মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন করে জানান, নাজমুলকে মাদ্রাসায় পাওয়া যাচ্ছে না।

এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও নিখোঁজ নাজমুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, গত চার বছর ধরে নাজমুল ওই মাদ্রাসায় অধ্যয়নরত। বর্তমানে সে হিফজ বিভাগের ১০ পারার ছাত্র।

একমাত্র ছেলের কোনো সন্ধান না পেয়ে তার মা নাজমা বেগম এখন পাগলপ্রায়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, থানায় সাধারণ ডায়েরি করার পর নিখোঁজ শিশুর সন্ধান পেতে পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নাজমুল হাসানকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Scroll to Top