হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠেকাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানিয়ে দেওয়া পরিষদের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে দেশটি। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার।

সৌদি আরব

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির ওপর হুতিদের অব্যাহত ও ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো। এছাড়া লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচলের ওপর অব্যাহত হুমকিরও নিন্দা জানিয়েছে পরিষদ।

মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা পরিষদের বক্তব্যে ২০১৫ সালে গৃহীত ২২১৬ নম্বর প্রস্তাব এবং পরবর্তী প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হুতিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা পাওয়া বন্ধ করতে ইয়েমেন সরকারসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ বক্তব্য চলতি সপ্তাহের শুরুতে গৃহীত হয়। এতে সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানানোর পাশাপাশি অস্ত্র ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম সংগ্রহ ঠেকাতে সহযোগিতার আহ্বান জানানো হয়।

২০১৫ সালের ২২১৬ নম্বর প্রস্তাবে হুতিদের অবিলম্বে ও নিঃশর্তভাবে সহিংসতা বন্ধ করতে বলা হয়েছিল। একই সঙ্গে দখল করা এলাকাগুলো, বিশেষ করে ইয়েমেনের রাজধানী সানা থেকে সরে যাওয়া, সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া অস্ত্র জমা দেওয়া এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ক্ষমতা প্রয়োগে বাধা দেওয়া বন্ধ করার দাবি জানানো হয়। বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা পৌঁছানোর পথ সহজ করার কথাও বলা হয়েছে ওই প্রস্তাবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিজেদের নিরাপত্তা রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার স্বাভাবিক অধিকার দেশটির রয়েছে।

এদিকে, ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইয়েমেনে কিছুটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গত জুলাই থেকে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত ইয়েমেন সরকার ও হুতিদের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলায় ১৯ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জোটটি এ তথ্য জানায়।

সূত্র: আনাদোলু এ্যাজেন্সী

Scroll to Top