
জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর পঞ্চম সিজনে অভিনয় করতে চলেছেন বিশ্ব তারকা নিকোলাস কেজ ও আন্তোনিও বান্দেরাস!
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। নেটওয়ার্কটি জানিয়েছে, ২০২৭ সালে শুরু হবে নতুন সিজনের শুটিং।
‘ভ্যারাইটি’-র প্রতিবেদন অনুযায়ী, পঞ্চম সিজনে হেনরি লোগান চরিত্রে দেখা যাবে নিকোলাস কেজকে। অন্যদিকে, রাই গার্সিয়ার ভূমিকায় অভিনয় করবেন আন্তোনিও বান্দেরাস।
নতুন সিজনের কাহিনির পটভূমি নিউইয়র্কের জ্যামাইকা বে। তবে চরিত্রগুলোর বিস্তারিত পরিচয় ও গল্পের মূল রহস্য সম্পর্কে এখনও কিছু জানায়নি নির্মাতারা।
সম্প্রতি নিউ ইয়র্ক কমিক কন অনুষ্ঠানে অংশ নিয়ে সিরিজটিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কেজ।
‘লিভিং লাস ভেগাস’, ‘কন এয়ার’, ‘ন্যাশনাল ট্রেজার’, ‘পিগ’ ও ‘ড্রিম সিনারিও’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার জন্য ‘ট্রু ডিটেকটিভ’ হবে টেলিভিশনে তার অন্যতম উল্লেখযোগ্য কাজ। এর আগে চলতি বছরের শুরুতে প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘স্পাইডার-নোয়ার’।
অন্যদিকে, ২০১৮ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের অ্যান্থলজি সিরিজ ‘জিনিয়াস’-এর দ্বিতীয় সিজনে স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর চরিত্রে অভিনয় করে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন বান্দেরাস। তার অন্যান্য টেলিভিশন কাজের মধ্যে রয়েছে স্প্যানিশ সিরিজ ‘পেস্তানাস পোস্টিজাস’ এবং ক্যারিয়ারের শুরুর দিকে বিভিন্ন টেলিভিশন প্রযোজনায় অভিনয়।
‘ট্রু ডিটেকটিভ’-এর চতুর্থ সিজন ‘নাইট কান্ট্রি’-এর নির্মাতা ও পরিচালক ইসা লোপেজ পঞ্চম সিজনে চিত্রনাট্যকার, পরিচালক হিসেবে ফিরছেন। নিক পিজোলাত্তোর নির্মিত এই অ্যান্থলজি সিরিজের প্রতিটি সিজনে আলাদা তদন্ত, নতুন চরিত্র ও ভিন্ন পটভূমির গল্প তুলে ধরা হয়।
২০১৪ সালে সিরিজটির প্রথম সিজন মুক্তি পায়। এতে লুইজিয়ানার দুই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন ম্যাথিউ ম্যাককনাহি ও উডি হ্যারেলসন। ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনকে কেন্দ্র করে এগিয়েছিল সেই সিজনের কাহিনি। পরবর্তী সিজনগুলোতে অভিনয় করেছেন কলিন ফারেল, র্যাসেল ম্যাকঅ্যাডামস, ভিন্স ভন, মাহেরশালা আলি ও স্টিফেন ডরফের মতো তারকারা।
এখন পর্যন্ত সিরিজটি ৪১টি এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছে এবং জিতেছে ছয়টি পুরস্কার। অভিনয়ের জন্য এমি সম্মাননা পেয়েছেন ম্যাথিউ ম্যাককনাহি, উডি হ্যারেলসন, মাহেরশালা আলি ও জোডি ফস্টার।
নতুন সিজনে নিকোলাস কেজ ও আন্তোনিও বান্দেরাসের উপস্থিতি সিরিজটির পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

