হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আউশকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডে নয়টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাস ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি পুরোনো বাসে গ্যাস ভরার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা আশপাশে রাখা গাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


