সিলেটে দু’পক্ষের তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সিলেটে ফেসবুক পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার শারুখ মিয়ার ছেলে।

সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের দেওয়া পোস্ট এবং তাতে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে রাসেল ছুরিকাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাস বলেন, ফেসবুকে একজনের স্ট্যাটাসে অন্যজনের কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তারা সামনাসামনি হওয়ার জন্য একে অপরকে চ্যালেঞ্জ করে।

তিনি বলেন, নিহত রাসেল মূল বিরোধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। ছোট ভাইদের বিরোধ মীমাংসা করতে তাকে সেখানে নেওয়া হয়েছিল। উত্তেজনাকর পরিস্থিতি থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং কারা এতে জড়িত, তা বিস্তারিত জানা যাবে।

এদিকে এলাকায় চাপা উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় নেওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Scroll to Top