দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম

দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমান। রাশিয়া থেকে রওনা হওয়ার পর ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নিয়ে রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে নিয়ে যাবেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের

এর আগে বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রূপপুরে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছাবে।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান দেশে আসবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুই পরীক্ষা সফল হয়েছে। তবে তৃতীয়টিতে কাঙ্ক্ষিত ফল মেলেনি। ফলে তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন চ‍্যানেল টোয়েন্টিফোরকে বলেন, এটি বড় কোনো সমস্যা নয়। প্রধান বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করে ফেলেছি, এটিও দ্রুত সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, এই প্রক্রিয়াটি শেষ হলেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।

Scroll to Top