
ঢাকা, ৫ সেপ্টেম্বর – জাতীয় সংসদ কার্যকর থাকা অবস্থায় সংসদীয় বিতর্ককে রাজপথের আন্দোলনে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করার সুযোগ থাকা সত্ত্বেও আন্দোলনের নামে লংমার্চের মতো কর্মসূচি সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
শনিবার রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে সিটিজেন ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস।
জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় গণতন্ত্রে সরকারকে জবাবদিহির মধ্যে রাখা বিরোধী দলের দায়িত্ব। কিন্তু সংসদের ভেতরের আলোচনাকে অপ্রয়োজনে রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তিনি আরও উল্লেখ করেন, সংসদীয় রাজনীতিকে কার্যকর করতে বিরোধী দলকে সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি গঠনমূলক প্রস্তাব দিতে হবে।
শুধু সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে রাজনীতি পরিচালনা করলে তা দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এসব কর্মসূচি কতটা বিবেচনা করে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে দেশি-বিদেশি বিভিন্ন অপশক্তি তৎপর থাকতে পারে বলেও তিনি সতর্ক করেন।
সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থনৈতিক সংকট থেকে দেশকে বের করে নতুন পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসন। সংকটের গভীরতার কারণে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত পদক্ষেপ নিচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিয়ে তিনি বলেন, আমদানিনির্ভর নীতি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারে উদ্যোগের ঘাটতির কারণে এ খাতে চাপ তৈরি হয়েছে। বর্তমান সরকার সংকটের দায় এড়িয়ে না গিয়ে বিকল্প জ্বালানি উৎস এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ নিচ্ছে।
এছাড়া আমদানি ব্যয় কমাতে চীন ও ভারতের বাইরে নতুন বাজার এবং সরবরাহ উৎস তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গবেষকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন: জহির উদ্দিন স্বপন লংমার্চ নিয়ে কী বলেছেন?
উত্তর: সংসদ কার্যকর থাকা অবস্থায় সংসদীয় বিতর্ককে রাজপথে নেওয়ার প্রবণতা গণতান্ত্রিক চর্চার জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেছেন তিনি।
প্রশ্ন: সংসদে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত বলে স্বপন মনে করেন?
উত্তর: সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি গঠনমূলক প্রস্তাব দিয়ে সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করা বিরোধী দলের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেছেন।
প্রশ্ন: সরকারের প্রথম ১৮০ দিন নিয়ে কী বলেছেন স্বপন?
উত্তর: দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থনৈতিক সংকট থেকে দেশকে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
প্রশ্ন: জ্বালানি সংকটের কারণ হিসেবে কী উল্লেখ করেছেন তিনি?
উত্তর: আমদানিনির্ভর নীতি ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে উদ্যোগের ঘাটতিকে তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
প্রশ্ন: আমদানি ব্যয় কমাতে সরকার কী করতে চায়?
উত্তর: চীন ও ভারতের বাইরে নতুন বাজার ও সরবরাহের উৎস তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন স্বপন।
