গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক – DesheBideshe



ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ৫ সেপ্টেম্বর – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের মূল কারণ বিগত সরকারের ভুল নীতি। তিনি স্পষ্ট করেছেন যে, এই দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব নয়।

শনিবার দুপুরে কামরাঙ্গীরচরে আয়োজিত বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সবকিছু একসঙ্গে সমাধান করে দেওয়ার মতো কোনো আলাদিনের চেরাগ নেই।

গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে যে পরিমাণ পেট্রোল বা গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেটি মূলত অপচয় ছাড়া আর কিছুই নয়। আর্থিক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে আব্দুস সালাম আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বড় ধরনের ঋণের বোঝা মাথায় নিয়ে এসেছিল।

তবে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। সরকারের এই সাফল্যের জন্য বিরোধী দলগুলোর সাধুবাদ জানানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top