অনেক অভিভাবক অভিযোগ করেন, ‘সন্তান কিছুই খেতে চায় না’, ‘নতুন খাবার দেখলে ভয় পায়’; কিন্তু কখনো কখনো এ আচরণ শুধু খুঁতখুঁতে স্বভাব নয়; এটি হতে পারে অ্যাভয়ডেন্ট রেসট্রিকটিভ ফুড ইনটেক ডিজঅর্ডার বা এআরএফআইডি নামের একটি জটিল মানসিক স্বাস্থ্যসমস্যা। এটি এমন একটি অবস্থা, যেখানে শিশু–কিশোরেরা খাবার গ্রহণে প্রচণ্ড অনীহা বা ভয় অনুভব করে। এটি একটি খাদ্যাভ্যাসজনিত ব্যাধি। তবে এটি ওজন কমানো বা শরীরের গঠন নিয়ে দুশ্চিন্তার কারণে নয় (যা অ্যানোরেক্সিয়াতে দেখা যায়); বরং এর পেছনে থাকে খাবারের প্রতি চরম অরুচি বা ভয়।
যেসব কারণে এটা হয়
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এআরএফআইডি মূলত তিনটি প্রধান কারণে হতে পারে। প্রথমত, সংবেদনশীলতা। খাবারের রং, গন্ধ, স্বাদ বা টেক্সচার ( যেমন খুব নরম বা দানাদার) সহ্য করতে না পারা। দ্বিতীয়ত, ভয় বা আতঙ্ক। আগে কখনো খাবার গলায় আটকে যাওয়া বা বমি হওয়ার মতো ভয়ের অভিজ্ঞতা থেকে খাবার গিলতে ভয় পাওয়া। তৃতীয়ত, আগ্রহের অভাব। খাবারের প্রতি আকর্ষণ না থাকা ও দ্রুত পেট ভরার অনুভূতি।



