সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া শুধু হবিগঞ্জের সন্তান নন, তিনি বাংলাদেশ তথা বিশ্বের একজন পরিচিত মুখ ও নেতা ছিলেন। তাঁর নিহত হওয়ার ২১ বছর পরও বিচার না হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। জাতি হিসেবে সবার দায় ও ব্যর্থতা আছে। এ মৃত্যু নিয়ে জাতির কাছে প্রশ্ন রয়েই গেছে, কেন তাঁকে হত্যা করা হলো। এই হত্যার পেছনে কারা জড়িত?
আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জে শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ২১ বছর পূর্তিতে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। শাহ এ এম এস কিবরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের আরডি হল মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এ স্মরণসভায় বক্তব্য দেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুস জাহের, পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল, সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী (মিন্টু), আবুল ফজল, কথাশিল্পী আবুল মনসুর ও সমাজকর্মী সাধন বড়ুয়া। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন শাহ এ এম এস কিবরিয়ার পুত্রবধূ ও রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সঞ্চালনায় ছিলেন লেখক সিদ্দিকী হারুন।

