মানসিক আঘাত কাটাতে মাইলস্টোন স্কুলে ক্রীড়া উৎসব | চ্যানেল আই অনলাইন

মানসিক আঘাত কাটাতে মাইলস্টোন স্কুলে ক্রীড়া উৎসব | চ্যানেল আই অনলাইন

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার মানসিক ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে অনেক শিক্ষার্থী। সেই ক্ষত থেকে কিছুটা মুক্তি আনতে মাইলস্টোনের উত্তরা ক্যাম্পাসে ক্রীড়া উৎসব আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ হয়ে একমাত্র শত টেস্ট খেলা মুশফিকুর রহিম।

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের মনের আতঙ্ক দূর করা এবং মানসিক আঘাত কাটিয়ে আবার স্বাভাবিক স্কুল জীবনে ফেরাতে এ উদ্যোগ। কমিউনিটির মধ্যে একাত্মতা জোরদারে আয়োজিত এই থেরাপিউটিক অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল মাইলস্টোন স্কুল ও কলেজ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জাপানের এমইউএফজি ব্যাংক ও একমাত্রা সোসাইটি।

দুর্ঘটনার ট্র্যাজেডি শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষতিগ্রস্ত পরিবারসহ দেশবাসীর মনে গভীর প্রভাব ফেলে। ট্র্যাজেডি পরবর্তী মাসগুলোতে প্রায় একশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিত হতে থাকে এবং অন্যান্য শিক্ষার্থীদের স্কুলের সাথে সংযোগ উল্লেখযোগ্যভাবে কমে যায়। শিক্ষার্থীরা যেন মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারে, এজন্য কাউন্সেলিং সহায়তা প্রদানের পাশাপাশি স্কুলে তাদের ইতিবাচক স্মৃতি তৈরিতে উদ্দীপনামূলক সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করে জাইকা এবং এ আয়োজনের অন্যান্য অংশীদাররা।

ক্রিকেটসহ বিভিন্ন খেলা ও দলগত নানা কার্যক্রম নিয়ে আয়োজিত এ ক্রীড়া উৎসবের উদ্দেশ্য ছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য আনন্দের আবহ তৈরি এবং তারা যেন আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এমন অনুকূল পরিবেশ তৈরি করা। সঙ্কটের সময়ে শিশুদের সামগ্রিক বিকাশে মডেল কার্যক্রম হিসেবে জাইকা এবং মাইলস্টোন স্কুল ও কলেজের অংশীদারিত্ব জোরদার করেছে এ উদ্যোগ।

ক্রীড়া উৎসবে প্রায় ১৩ শ’ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। খেলা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে আনন্দময় পরিবেশে সময় কাটায়।

Scroll to Top